
দেশে হামের পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব মৃত্যুর ঘটনা ঘটে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০৪ জনে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আরও ৯০ জনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃত্যুর সংখ্যা ৫৯৪-এ পৌঁছেছে।
এদিকে নতুন করে হামের উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যাও বেড়েছে। গত এক দিনে দেশের বিভিন্ন এলাকা থেকে ১ হাজার ২৯২ জনের মধ্যে হামের লক্ষণ দেখা যাওয়ার তথ্য পাওয়া গেছে। মার্চের মাঝামাঝি সময় থেকে এখন পর্যন্ত এমন রোগীর সংখ্যা ৭৩ হাজার ৩৬২ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পরীক্ষার মাধ্যমে আরও ৪২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিত হামের রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ১৩৬ জনে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা এবং হামের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। পাশাপাশি আক্রান্ত ব্যক্তিকে অন্যদের থেকে আলাদা রাখার মাধ্যমে সংক্রমণ নিয়ন্ত্রণে সহায়তা করা সম্ভব।
মন্তব্য করুন