
দেশজুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে হাম ও এর উপসর্গে আক্রান্ত শিশুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১ হাজার ৪৯৪ শিশু।
শুক্রবার (৮ মে) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে একজন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৮ মে পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মোট ৫৮ শিশুর মৃত্যু হলো।
এছাড়া একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে ৮ মে পর্যন্ত সন্দেহজনক হাম আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮৫ জনে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২১২ জন। আর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা পৌঁছেছে ৪৬ হাজার ৭১০ জনে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ২৮২ জন। এ নিয়ে চলতি সময়ে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৪৯০ জনে।
এছাড়াও ১৫ মার্চ থেকে ৮ মে পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩২ হাজার ৮৬২ শিশু। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৯ হাজার ১৫২ শিশু।
মন্তব্য করুন