
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে সিলিং ফ্যান খুলে পড়ে চার শিক্ষার্থী আহত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টায় ফতুল্লার আলীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির একটি কক্ষে এ দুর্ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীদের মধ্যে প্রাঞ্জল ও জাহানারা নামের দুজনের পরিচয় জানা গেছে। অন্য দুই শিক্ষার্থীর নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ক্লাস চলাকালে হঠাৎ সিলিং ফ্যানটি খুলে নিচে পড়ে। এতে শ্রেণিকক্ষে থাকা চার শিক্ষার্থী আহত হয়। পরে দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
স্কুলের প্রাক্তন শিক্ষার্থী মশিউর রেজা জানান, তিনি স্কুলটি পরিদর্শনে গেলে শ্রেণিকক্ষে প্রবেশের সঙ্গে সঙ্গেই ফ্যানটি খুলে পড়ে। তিনি বলেন, “ভাগ্য ভালো, ফ্যানটি সরাসরি কারও মাথায় পড়েনি। তা হলে বড় দুর্ঘটনা ঘটতে পারত।”
প্রাক্তন আরেক শিক্ষার্থী ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি আবু জাফর বলেন, বিদ্যালয় ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে এবং দ্রুত নতুন ভবন নির্মাণ জরুরি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা আহমেদ জানান, ভবনটি অনেক পুরোনো হওয়ায় এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। তিনি বলেন, নতুন ভবন নির্মাণের জন্য ইতোমধ্যে আবেদন করা হয়েছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম বলেন, “বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
মন্তব্য করুন