
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্র্যাটোফোর্ট্রেস বোমারু বিমান বিধ্বস্ত হয়ে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস বিমানঘাঁটি থেকে উড্ডয়নের অল্প সময়ের মধ্যেই দুর্ঘটনাটি ঘটে।
বিমানঘাঁটি কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার সকাল ১১টা ২০ মিনিটের দিকে বিমানটি ভেঙে পড়ে। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ে, যা কয়েক মাইল দূর থেকেও স্পষ্টভাবে দেখা যাচ্ছিল।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, বিমানটি একটি নিয়মিত পরীক্ষামূলক উড্ডয়নের অংশ ছিল। দুর্ঘটনার সময় এতে সামরিক সদস্যদের পাশাপাশি সরকারি কর্মকর্তা ও বেসামরিক ঠিকাদারও উপস্থিত ছিলেন। এডওয়ার্ডস বিমানঘাঁটি লস অ্যাঞ্জেলস শহর থেকে প্রায় ৯৫ কিলোমিটার উত্তরে অবস্থিত।
কর্তৃপক্ষের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনার পরপরই জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। তদন্ত ও উদ্ধারকাজ চলমান রয়েছে এবং পরবর্তী সময়ে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
বি-৫২ স্ট্র্যাটোফোর্ট্রেস যুক্তরাষ্ট্রের অন্যতম পরিচিত কৌশলগত বোমারু বিমান। ১৯৫০-এর দশক থেকে এটি মার্কিন সামরিক বাহিনীর বহরে রয়েছে। বিশাল আকারের কারণে বিমানটি ‘দ্য বাফ’ নামে পরিচিত, যা ‘বিগ আগলি ফ্যাট’ শব্দগুচ্ছের সংক্ষিপ্ত রূপ।
দুর্ঘটনার পর আকাশ থেকে ধারণ করা ভিডিওতে দেখা গেছে, বিধ্বস্ত হওয়ার স্থান থেকে দীর্ঘ সময় ধরে ধোঁয়া বের হতে থাকে।
দীর্ঘপাল্লার এই বোমারু বিমান প্রায় ৫০ হাজার ফুট উচ্চতায় উড়তে সক্ষম এবং প্রায় ৭০ হাজার পাউন্ড পর্যন্ত অস্ত্র বহন করতে পারে। এতে শতাধিক প্রচলিত বোমা অথবা ৩২টি পারমাণবিক সক্ষমতাসম্পন্ন ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনের ব্যবস্থা রয়েছে।
আকাশে উড্ডয়নরত অবস্থায় জ্বালানি গ্রহণের সুবিধা থাকায় বি-৫২ বিশ্বের প্রায় যেকোনো স্থানে অভিযান পরিচালনা করতে পারে। স্নায়ুযুদ্ধের সময় এটি যুক্তরাষ্ট্রের পারমাণবিক প্রতিরক্ষা কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ব্যবহৃত হয়েছে।
সাধারণত একটি বি-৫২ বিমানে পাঁচ সদস্যের ক্রু দল থাকে। তাদের মধ্যে কমান্ডার, পাইলট, রাডার নেভিগেটর, নেভিগেটর এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার কর্মকর্তা অন্তর্ভুক্ত থাকেন।
মন্তব্য করুন