
ঢাকার রাজনীতির পরিচিত মুখ, পাঁচবারের সংসদ সদস্য এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এ কে এম রহমতুল্লাহ মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।
বুধবার ভোর ৩টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃত্যুর পর সকালে তাঁর মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। পরে মরদেহ বাড্ডার বেরাইদ এলাকায় তাঁর নিজ বাসভবনে নেওয়া হয়।
রহমতুল্লাহর ভাগ্নে ফারুক হোসাইন জানান, বুধবার বিকাল ৪টায় বেরাইদ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
বীর মুক্তিযোদ্ধা এ কে এম রহমতুল্লাহ আওয়ামী লীগের রাজনীতিতে দীর্ঘ সময় সক্রিয় ছিলেন। তিনি দলটির উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও সামলেছেন।
রাজনৈতিক জীবনে তিনি পাঁচবার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে সম্মিলিত বিরোধী জোটের প্রার্থী হিসেবে তৎকালীন ঢাকা-৫ আসন থেকে প্রথমবার সংসদে যান। এরপর ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে বিজয়ী হন।
পরে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পর ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে জয় লাভ করেন।
তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন